যে যে আসনের নির্বাচন স্থগিত হল

 


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


ওই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মৃত্যুবরণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।


গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের (১) উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রমের পর এবং ভোটগ্রহণের আগ মুহূর্তে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।


আইনে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফশিল ঘোষণা করবে।


উল্লেখ্য, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।


পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহে নেওয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও শেরপুর–৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Post a Comment

Previous Post Next Post