নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ–সমর্থক ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার রাত প্রায় ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) এবং জাহাঙ্গীর আলম (৪৫)।
পুলিশ সূত্র জানায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান এবং সেখানে বিভিন্ন স্লোগান দেন। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
ওসি জানান, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
