টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ক্রিকেট অঙ্গন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ ও পাকিস্তানের দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তিনি আইসিসিকে সব দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, খেলায় রাজনীতি থামানোর সময় এসেছে।
বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপের দল পাঠাতে রাজি হয়নি। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
স্কাই ক্রিকেট পডকাস্টে নাসের হুসেইন বলেন, “বাংলাদেশের নিজেদের সিদ্ধান্তে অটল থাকা আমার ভালো লেগেছে। তারা তাদের খেলোয়াড় ‘ফিজ’ (মোস্তাফিজুর রহমান)-এর জন্য দাঁড়িয়েছে। পাকিস্তানের অবস্থানও আমার ভালো লেগেছে।”
তিনি আরও যোগ করেন, পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানো শুধুই ক্রিকেটীয় নয়, বরং রাজনৈতিক প্রভাবও রয়েছে। নাসের বলেন, “ক্রিকেট প্রশাসনে রাজনীতির দাপট থামাতে দৃঢ় অবস্থান জরুরি। পাকিস্তানের এই পদক্ষেপ তা দেখিয়েছে।”
\শুরুতে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল। পাকিস্তান সরকার না খেলার ঘোষণা দেওয়ায় আইসিসি আর্থিক চাপে পড়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের বাজার প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা পুরো টুর্নামেন্টের অন্য সব ম্যাচের চেয়ে বেশি। সাবেক ইংলিশ অধিনায়ক মনে করেন, “এটি একটি সংকটপূর্ণ মুহূর্ত। আর্থিক কারণে আইসিসি ও ভারতকে চাপ দিতে পাকিস্তানের বয়কটই একমাত্র পথ।”
নাসের হুসেইন বলেন, আইসিসি যে কোনো দেশের সঙ্গে ন্যায্য আচরণ করতে হবে। “আপনাকে বাংলাদেশের সঙ্গে ঠিক তেমনই আচরণ করতে হবে যেমনটা পাকিস্তানের সঙ্গে করেন, ভারতের সঙ্গে করেন। যদি ছোট দলগুলো ক্রমাগত কোণঠাসা করা হয়, তবে তাদের ক্রিকেটের মান কমে যাবে। অতীতের উত্তেজনাপূর্ণ লড়াইগুলো একপেশে হয়ে যাবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি ভারত এমন সিদ্ধান্ত নেয়, আইসিসি কি তখনও একই কঠোরতা দেখাবে? নাসের হুসেইনের মতে, সব পক্ষই নিয়মের ধারাবাহিকতা ও সমতার জন্য অপেক্ষা করছে।