আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া নাটকের শেষটা হলো অবশেষে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান এবং দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় আইসিসির সামনে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না।
এর আগে গত বুধবার আইসিসির বোর্ড সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে সম্মত হওয়ার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে।
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
এদিকে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওয়েবসাইটটি জানিয়েছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে বিষয়টি নিয়ে যোগাযোগ হয়েছে।