ক্রিকেটারদের নিয়ে পরিচালকের মন্তব্যে বিসিবির দুঃখ প্রকাশ, ১ ইঞ্চিও নড়বে না টাইগাররা চূড়ান্ত বার্তা!

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম একের পর এক বিতর্কিত মন্তব্য করে ক্রিকেটাঙ্গনে তোলপাড় সৃষ্টি করছেন। গত বুধবার তার ক্রিকেটারদের বেতন সংক্রান্ত মন্তব্যে ক্ষিপ্ত হয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি আগামী বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল পদত্যাগ না করেন, তাহলে সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে।

বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেছিলেন,

“বিসিবির ক্ষতি হবে না, তবে ক্রিকেটারদের ক্ষতি হতে পারে। খেলোয়াড়রা ম্যাচ ফি পান, পারফরম্যান্স অনুযায়ী সেরা খেলোয়াড় ফি পান। এটি শুধুই ক্রিকেটারের উপার্জন, বোর্ডের লাভ-ক্ষতি নেই। আমাদের এত কোটি টাকা খরচের পরও যদি তারা কিছুই করতে না পারে, আমরা কি টাকা ফেরত চাইব?”

তার এই মন্তব্যের পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের জানান,

“একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ চাই। আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না হলে কোনো ক্রিকেটার মাঠে নামবেন না।”

রাতভর কোয়াবের এই ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালক ক্রিকেটারদের টিম হোটেলে বৈঠক করেন। তবে কোনো সমাধান হয় না, ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় ছিলেন। সকালে মোহাম্মদ মিঠুন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

“আমরা আগের সিদ্ধান্তে অনড় আছি। নাজমুল থাকাকালীন মাঠে নামার সুযোগ নেই। সকল ক্রিকেটার একাত্মতা পোষণ করেছে। যদি আজকের প্রথম ম্যাচ খেলা না হয়, আমরা পরে সংবাদ সম্মেলনে পরবর্তী পদক্ষেপ জানাব।”

এ বিষয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। ক্রিকেটাঙ্গনে উত্তেজনা এখন চরমে, এবং জাতীয় দলের আগামী ম্যাচ ও বিপিএল শুরুর আগে পরিস্থিতি নজর কাড়ছে দেশজুড়ে।

Post a Comment

Previous Post Next Post