আজ না জিতলেই শেষ! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সামনে বাঁচা–মরার ভয়ংকর সমীকরণ

 


হার দিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর শুরু করেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচে। কিন্তু বৃষ্টি এসে সব হিসাব ওলটপালট করে দিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হলো আজিজুল হাকিম তামিমের দল। এর ফলে সুপার সিক্সে ওঠার লড়াই এখন দাঁড়িয়ে গেছে এক ম্যাচের বাঁচা–মরার সমীকরণে। 

বুলাওয়েতে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। শুরুটা ছিল স্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় ওভারেই ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন ওপেনার হুগো ভোগ। ৮ রানেই সাজঘরে ফেরেন তিনি, ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি।

প্রথম ধাক্কা সামলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিউইরা। অধিনায়ক টম জুনস ও আরিয়ান মান ধীরে সুস্থে ইনিংস গুছিয়ে নেন। পাওয়ার প্লের ছয় ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫১ রান।

এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। একাধিকবার খেলা শুরু করার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন মাঠকর্মীরা। থেমে থেমে বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই পায় এক পয়েন্ট করে। ফলে দুই ম্যাচ শেষে বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট এবং অবস্থান করছে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে। এতে করে সুপার সিক্সের সমীকরণ হয়ে গেছে আরও কঠিন

এখন বাংলাদেশের সামনে একটাই পথ—জয়। আগামী ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে জিততেই হবে তামিমদের। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হবে তিন এবং যুক্তরাষ্ট্র থাকবে এক পয়েন্টে। সে ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে সুপার সিক্সে জায়গা পাবে বাংলাদেশ।

যদি ম্যাচটি আবারও বৃষ্টিতে ভেসে যায়, সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার সিক্সে যাবে বাংলাদেশ। তবে হারলেই সব শেষ—তখন যুক্তরাষ্ট্রই জায়গা করে নেবে সুপার সিক্সে, আর বিশ্বকাপ থেকে বিদায় নেবে বাংলাদেশ।


Post a Comment

Previous Post Next Post