চমকে দিল ক্রিকেট বিশ্ব! ভারতের রাজত্ব ভেঙে বিশ্বসেরা রেকর্ড গড়লেন কাটার মাস্টার মুস্তাফিজ

 

ক্রিকেট বিশ্বে যেন হঠাৎ করেই ভূমিকম্প! ভারতের দাপুটে আধিপত্য ভেঙে বিশ্বসেরা টি–টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রখ্যাত ক্রিকেট ওয়েবসাইট উইজডেন প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা একাদশে নাম উঠে আসতেই বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দ্রে বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ধারাবাহিকতা, মিতব্যয়ী বোলিং আর ভয়ংকর কাটারে মুস্তাফিজ যে আলাদা—তা এবার সংখ্যায়-পরিসংখ্যানেই প্রমাণ করল উইজডেন।

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ২০২৫ সালের বর্ষসেরা টি–টোয়েন্টি একাদশে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটবিষয়ক প্রখ্যাত ওয়েবসাইট উইজডেন। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গত এক বছরে ধারাবাহিক ও বিধ্বংসী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেয়েছেন তিনি।

উইজডেন জানিয়েছে, গত বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব ও বিশ্বজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ বিশ্লেষণ করেই এই বর্ষসেরা একাদশ নির্বাচন করা হয়েছে। আর সেই বিবেচনায় মুস্তাফিজ ছিলেন প্রায় অপ্রতিদ্বন্দ্বী

পরিসংখ্যানেই মুস্তাফিজের আধিপত্য স্পষ্ট। গত বছর তিনি ১৫৬.৫ ওভার বোলিং করে ৫৯ উইকেট শিকার করেছেন। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৭৮, আর তাঁর স্ট্রাইক রেট ১৫.৯—যা বিশ্বের যেকোনো পেসারের জন্য ঈর্ষণীয়। উইজডেনের মতে, গত বছর টি–টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের মতো ধারাবাহিক ও মিতব্যয়ী বোলিং আর কোনো পেসার দেখাতে পারেননি

বর্ষসেরা একাদশে মুস্তাফিজের সঙ্গে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার এবং ইংল্যান্ডের স্যাম কারান। স্পিন বিভাগে আছেন ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।

ব্যাটিং ইউনিটে ওপেনিংয়ে রাখা হয়েছে ভারতের অভিষেক শর্মা ও নিউজিল্যান্ডের ফিল সল্টকে। মিডল অর্ডারে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিড।

উইজডেনের তথ্যমতে, অভিষেক শর্মা গত বছর তিনটি সেঞ্চুরিসহ ৪০ ইনিংসে করেছেন ১৬০২ রান, আর ফিল সল্ট ৫২ ইনিংসে সংগ্রহ করেছেন ১৫৭৫ রান। ফেরেইরা বছরে প্রতি ৬.৬ বল পরপর একটি ছক্কা হাঁকিয়েছেন, আর ব্রেভিস তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট করেছেন ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে

একনজরে উইজডেনের বর্ষসেরা টি–টোয়েন্টি একাদশ

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, জেসন হোল্ডার, সুনীল নারাইন, মুস্তাফিজুর রহমান, জ্যাকব ডাফি, স্যাম কারান ও বরুণ চক্রবর্তী।


Post a Comment

Previous Post Next Post