রাজনৈতিক কারণে কেকেআর দল থেকে বাদ মুস্তাফিজ, আকাশ চোপড়ার মন্তব্যে বিতর্ক
রাজনৈতিক কারণে আসন্ন আইপিএলের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সিদ্ধান্তটি নিয়ে সমালোচনা শুরু হলেও, ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বিসিসিআইয়ের সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করেছেন। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি মুস্তাফিজকে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তুলনা করেছেন।
বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে সাম্প্রতিক কিছু ঘটনার প্রভাব রয়েছে। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবরকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আকাশ চোপড়া বলেন, “যা কিছু হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই যা করেছে, আমার মতে ঠিকই করেছে। কলকাতার কিছুটা সমস্যা হতে পারে, তবে অকশনের আগে এমন ঘোষণা আসলে ভালো হত। মুস্তাফিজের কোনো দোষ নেই।”
তিনি উদাহরণ হিসেবে বলেন, “এটা আপনি সব পাকিস্তানি ক্রিকেটার নিয়েও বলতে পারেন। ক্রিকেটাররা কিছু করেনি। কিন্তু দেশ যখন ভুল কিছু করে, তখন খেলোয়াড়দেরও ভোগান্তি হয়—এটাই কোল্যাটারাল ড্যামেজ।”
মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছিল আবুধাবিতে হওয়া মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে, যেখানে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াই শেষে তাকে শেষ পর্যন্ত পাওয়া যায়। দলে নেওয়ার পর থেকেই কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।
আইপিএলে মুস্তাফিজ এখনও পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বাঁহাতি পেসার।