বিশ্বকাপ নাটকে হঠাৎ চমক! বাংলাদেশকে ভারতেই খেলতে বলছে আইসিসি—ভেন্যু নিয়ে নতুন সিদ্ধান্ত

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যেও আইসিসি ভারতীয় ভেন্যুতে ম্যাচ আয়োজনের পথে; শ্রীলঙ্কা বিকল্প হিসেবে রাখা হলেও বাস্তবায়ন কঠিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে দুবার চিঠি পাঠিয়েছে। বোর্ড ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য অনুরোধ করেছে।

তবে আইসিসি মনে করছে, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ মুহূর্তে একটি দেশের ভেন্যু পরিবর্তন করা লজিস্টিক কারণে সহজ নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের প্রস্তাব দেওয়া হতে পারে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ইতোমধ্যে জানিয়েছেন, ভারতের অন্য ভেন্যু মানেই ভারতেই খেলা হবে। বর্তমান সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচের প্রথম তিনটি কলকাতায়, শেষটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

ভারতের ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে। আইসিসি এবং সহ-আয়োজক বিসিসিআই ইতোমধ্যেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতে খেলার পরামর্শ দিতে পারে এবং নিরাপত্তা শঙ্কার প্রেক্ষিতে উদাহরণ হিসেবে সৈকতের সম্প্রতি অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড সিরিজের অভিজ্ঞতা তুলে ধরতে পারে।

বিসিবি ভারতের নিরাপত্তা শঙ্কা জানাতে শুরু করে ৩ জানুয়ারি, যখন মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত না হলে পুরো বাংলাদেশ দল ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্রিকবাজের খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অনুরোধ মেনে নেওয়ার সম্ভাবনা কম। আইসিসি আজ সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।

Post a Comment

Previous Post Next Post