জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেট মাঠের সিংহ—স্তব্ধ ক্রিকেট বিশ্ব!

 

আফগানিস্তান ক্রিকেট যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতেও আন্তর্জাতিক মান বজায় রেখে চমক দেখিয়েছে। রশিদ খান, মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজের মতো তারকাদের সঙ্গে ফাস্ট বোলার শাপুর জাদরানও আফগান ক্রিকেটের ইতিহাসে বিশেষ স্থান রাখেন। কিন্তু বর্তমানে ৩৮ বছর বয়সী সাবেক এই পেসার জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, হাসপাতালে ভর্তি অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শাপুরের অসুস্থতার খবর ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়েছে। তার ভাই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, শাপুরের অবস্থা একদমই ভালো না। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তার শ্বেত রক্ত কণিকা বিপজ্জনক পর্যায়ে নেমেছে, যা তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটিয়েছে।

সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফও সোশ্যাল মিডিয়ায় শাপুরের নির্ভিক মানসিকতার প্রশংসা করে ভক্তদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন,
“ক্রিকেট মাঠের সেই সিংহ আজ জীবনযুদ্ধের লড়াইয়ে। আফগানিস্তানের দ্রুতগতির বোলার শাপুর জাদরান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সকলের দোয়া ও প্রার্থনা তার জন্য অত্যন্ত প্রয়োজন। আল্লাহ যেন তাকে দ্রুত এবং পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আমিন।”

শাপুর জাদরান ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন নেদারল্যান্ডসের বিপক্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। ওয়ানডেতে ৪৪ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন, সর্বোচ্চ বোলিং ফিগার ৪/২৪। টি-টোয়েন্টিতে ৩৬ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন। তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০১৫ বিশ্বকাপ, যখন স্কটল্যান্ডের বিপক্ষে জয় ও গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে আফগান দলের প্রথম বিশ্বকাপ জয়ে অবদান রাখেন।

ক্রিকেট ভক্তরা এখন শাপুরের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। তার সাহসিকতা ও সংগ্রাম আফগান ক্রিকেটের জন্য অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ।

Post a Comment

Previous Post Next Post