বিশ্বকাপের ভেন্যু কোথায় হবে—সে বিষয়ে আলোচনা করতেই নয়, বরং বাংলাদেশকে রাজি করানোর লক্ষ্যেই বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। এমনটাই দাবি করেছে প্রভাবশালী ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে নিশ্চিত করেন, খুব শিগগিরই আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। তবে এই সফরের মূল উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা ও কৌতূহল।
সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেওয়ার ঘটনায় সরগরম হয়ে ওঠে ক্রিকেট দুনিয়া। এর প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকার কঠোর অবস্থান নেয়। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দাবি জানায়—বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে।
ভারতের সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। ইতোমধ্যে পাকিস্তানের ম্যাচগুলো ভারতে না হয়ে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। যদিও সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ নিয়ে বিসিবির সঙ্গে আইসিসির একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। বাংলাদেশকে ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে রাজি করাতেই এবার সরাসরি ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি প্রতিনিধি দল—এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।
মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বিসিবি কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। বিসিবিও সাফ জানিয়ে দেয়—বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। যদিও ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
১৫ জানুয়ারি আসিফ নজরুল আরও জানান, আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই।