নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিসিবি।
এদিকে, বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে রাজি করানোর চেষ্টা শুরু করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ লক্ষ্যে আইসিসির মাধ্যমে বিসিবির কাছে একটি নতুন প্রস্তাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান জটিলতা নিরসনে ইতোমধ্যে আইসিসি বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) অনলাইন বৈঠকের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
সূত্র বলছে, বৈঠকে আইসিসির মাধ্যমে বিসিসিআই বাংলাদেশ দলকে ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। তবে এমন প্রস্তাব এলেও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা কম। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকায় এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।
এর আগে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্পষ্টভাবে জানান, বর্তমানে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, যেহেতু এটি আইসিসির আয়োজিত টুর্নামেন্ট, তাই সব ধরনের যোগাযোগ আইসিসির মাধ্যমেই হওয়া উচিত।
.png)