বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ভয়ংকর স্পিন তাণ্ডব চালালেন নাসুম আহমেদ। তার ঘূর্ণি জাদুতে পুরোপুরি দিশেহারা হয়ে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের এই বাঁ-হাতি স্পিনার মাত্র ৭ রানে শিকার করেন ৫ উইকেট—যা বিপিএলের ইতিহাসে অনন্য এক কীর্তি।
সোমবার (৫ জানুয়ারি) নোয়াখালীর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই বিধ্বংসী রূপে ধরা দেন নাসুম। একের পর এক ব্যাটসম্যানকে ফেরাতে ফেরাতে কার্যত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
এর আগে বিপিএলে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারটি ছিল সাকিব আল হাসানের দখলে। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে তিনি নিয়েছিলেন ১৬ রানে ৫ উইকেট। নাসুমের এই কীর্তির মাধ্যমে তিনি হলেন বিপিএলের ইতিহাসে পাঁচ উইকেট পাওয়া পঞ্চম স্পিনার।
এই তালিকায় নাসুমের আগে রয়েছেন ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব। উল্লেখযোগ্য বিষয় হলো—১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই নাসুম আহমেদের প্রথম পাঁচ উইকেট শিকার।
পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে এটি চতুর্থ সেরা বোলিং ফিগার। এই তালিকার শীর্ষে এখনো রয়েছেন তাসকিন আহমেদ, যিনি এক ম্যাচে ১৯ রানে ৭ উইকেট নিয়ে গড়েছিলেন অনন্য নজির।