আসন্ন আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু রাজনৈতিক ও ধর্মীয় কারণে তাকে দলে রাখার অনুমতি দেয়নি। সম্প্রতি বাংলাদেশে সনাতন ধর্মের দীপু দাস হত্যার ঘটনা এবং তা নিয়ে তুমুল সামাজিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই ঘটনার পর দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতীয় ভক্তরা দাবি করেছিলেন, মোস্তাফিজকে কোনো অবস্থাতেই আইপিএলে নেওয়া যাবে না। যদি কেকেআর তাকে দলে নিত, তাহলে ভক্তরা ফ্র্যাঞ্চাইজিটিকে বয়কট করার হুঁশিয়ারি দিয়েছিলেন।
মোস্তাফিজের বাদ পড়াকে কেন্দ্র করে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। তিনি বলেছেন,
"মোস্তাফিজুর রহমানের মতো বোলার শত বছরে একবার আসে ক্রিকেটে। আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় রাজনৈতিক ও ধর্মীয় ইস্যু দেখানো সত্যিই দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। মোস্তাফিজের মতো বোলার খেললে ভারতও গর্বিত হতো।"
মিঠুনের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এবং দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।