বাংলাদেশের সিদ্ধান্তে যখন বিশ্বকাপ আয়োজন টালমাটাল, ঠিক তখনই ভারত সফর নিয়ে ‘না’ বলায় নতুন করে বিপাকে আইসিসি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ভ্রমণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের পর এবার আরেকটি দেশও ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি করেছে।
ক্রিকেটবিষয়ক বিশ্বস্ত সূত্র ক্রিকবাজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে যে নিরাপত্তা ও লজিস্টিক জটিলতার কারণে তারা ভারত সফর করে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না। এই অবস্থায় বাংলাদেশকে ভিন্ন গ্রুপে স্থানান্তরের বিষয়টি আলোচনায় আসে।
আলোচনার এক পর্যায়ে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও ওঠে। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা নিজেদের নির্ধারিত সূচি বা গ্রুপ পরিবর্তনে আগ্রহী নয়। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন,
“আমাদের আশ্বস্ত করা হয়েছে যে আমরা নির্ধারিত গ্রুপেই থাকব এবং শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বের সব ম্যাচ খেলব।”
চলতি সূচি অনুযায়ী, সহ-আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড। এই গ্রুপে আরও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে, বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে শনিবার ঢাকায় আইসিসি ও বিসিবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লজিস্টিক ও নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও, আয়ারল্যান্ড ও আইসিসির পক্ষ থেকে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবে শেষ পর্যন্ত সম্মতি দেওয়া হয়নি।
ফলে বাংলাদেশের ভারত সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। একই সঙ্গে নির্ধারিত ভেন্যু পরিবর্তনে আরেকটি দেশের অনাগ্রহ বিশ্বকাপ আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন তুলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।