জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন ময়মনসিংহ বিভাগের আবু হায়দার। আগের রাউন্ডে বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৭ রানে আউট হয়েছিলেন তিনি। এবার সেই আক্ষেপ পুষিয়ে সিলেটে রাজশাহীর বিপক্ষে করেছেন হার না মানা ১৪১ রান। সেই সাথে গড়েছেন ১৩ ছক্কা হাঁকানোর রেকর্ড।
আবু হায়দার রনি
দুর্দান্ত এক 'এনসিএল' আসর কাটালেন রনি। মূল কাজটি বল হাতে হলেও এবার ব্যাটে-বলে সমানভাবে পারফর্ম করেছেন তিনি। আসরের শেষ ম্যাচে ১২৭ বলে ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দল অলআউট হয়ে যাওয়ায়।
আট নম্বরে নেমে ১৩টি ছক্কা ঝড়ানো ইনিংসটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে দুই ওয়ানডে ও ১৩ টি–টোয়েন্টি খেলা রনির ব্যাটিং ঝড়ে ম্যাচে নতুন প্রাণ আসে। তবে বড় ব্যবধানেই ম্যাচটি হেরেছে তার দল ময়মনসিংহর
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে রনি চেয়ে বেশি ছক্কা মেরেছেন মাত্র দুই জন। শীর্ষে রয়েছেন মুক্তার আলী। ২০১৩-১৪ মৌসুমে বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে ১৬৮ রানের ইনিংসে ১৬টি ছক্কা মেরে তিনি বিশ্ব রেকর্ড স্পর্শ করেছিলেন।
সেই তালিকায় তখন মুক্তারের পাশে ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস, জেসি রাইডার ও গ্রাহাম নেপিয়ার; পরে তাদেরও ছাড়িয়ে যান আরও কয়েকজন ব্যাটার।
মুক্তারের আগের মৌসুমেই রেকর্ড ছিল জিয়াউর রহমানের দখলে। ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে মিরপুরে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হয়ে ১১৮ বলে ১৫২ রানের দুর্দান্ত ইনিংসে ১৫টি ছক্কা মেরেছিলেন তিনি। পরের আসরে আবারো এই ইনিংসে ১৩টি ছক্কা হাঁকিয়েছিলেন জিয়া।
বিশ্ব রেকর্ডটিও এখন ভারতীয় ব্যাটার তন্ময় আগারওয়ালের দখলে। রঞ্জি ট্রফির ২০২৩–২৪ মৌসুমে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৩৬৬ রানের ইনিংসে তিনি ছক্কা মেরেছিলেন ২৬টি যা প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।
প্রথম শ্রেণিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা:
১৬টি — মুক্তার আলী (রাজশাহী বনাম চট্টগ্রাম, ২০১৩–১৪)
১৫টি — জিয়াউর রহমান (দক্ষিণাঞ্চল বনাম মধ্যাঞ্চল, ২০১২–১৩)
১৩টি — জিয়াউর রহমান (খুলনা বনাম সিলেট, ২০১৩–১৪)
১৩টি — আবদুল্লাহ আল মামুন (রংপুর বনাম সিলেট, ২০২২–২৩)
১৩টি — আবু হায়দার রনি (ময়মনসিংহ বনাম রাজশাহী, ২০২৫–২৬)।
