আজ আইপিএল নিলাম: শুরু কখন, কোথায় ও যেভাবে দেখবেন লাইভ

 

বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম আজ। আইপিএলের নিলাম মানেই বাড়তি উত্তেজনা, রোমাঞ্চ আর অপ্রত্যাশিত চমক। যদিও এবারের নিলামে দলভুক্ত করার সুযোগ তুলনামূলক কম, তারপরও তারকা ও মহাতারকাদের ঘিরে আগ্রহের কমতি নেই ক্রিকেটপ্রেমীদের।

এবারের মিনি নিলামে মোট ৩৫০ জন খেলোয়াড়ের নাম উঠবে। সব খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ না থাকলেও নিলাম জমজমাট হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে লিয়াম লিভিংস্টোন, মুস্তাফিজুর রহমান, ক্যামেরন গ্রিন, সরফরাজ খানের মতো তারকাদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

সেজন্য আইপিএল নিলামের দিকে তাকিয়ে আছে পুরো ক্রিকেটবিশ্ব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে নিলাম, ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটায়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবে এবারের নিলামের আসর।

নিলাম সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ভারতীয় দর্শকরা অনলাইনে জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেও নিলাম উপভোগ করতে পারবেন।

আইপিএলে দল গঠনের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি রুপি পর্যন্ত খরচ করতে পারে। এর বড় অংশ ব্যয় হয় মেগা নিলামে। ২০২৬ আইপিএলের আগে মেগা নিলাম না থাকায় এবার অনুষ্ঠিত হচ্ছে মিনি নিলাম। প্রায় গোছানো দলগুলো নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করতে নামবে এই নিলামে।

তবে সব দল সমান অঙ্কের অর্থ খরচ করতে পারবে না। কোন দলে কতজন খেলোয়াড় রয়েছে এবং তাদের মূল্য কত—সে অনুযায়ী নির্ধারণ করা হয়েছে প্রতিটি দলের পার্স। নিলামের আগে চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৪৩ কোটি ৪০ লাখ রুপি। সানরাইজার্স হায়দরাবাদের পার্সে রয়েছে ২৫ কোটি ৫০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্সের হাতে সবচেয়ে বেশি, ৬৪ কোটি ৩০ লাখ রুপি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে রয়েছে প্রায় ২৩ কোটি রুপি।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ২১ কোটি ৮০ লাখ রুপি, গুজরাট টাইটান্সের ১২ কোটি ৯০ লাখ, পাঞ্জাব কিংসের ১১ কোটি ৫০ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ কোটি ৪০ লাখ এবং রাজস্থান রয়্যালসের ১৬ কোটি ৫ লাখ রুপি। মুম্বাই ইন্ডিয়ান্সের পার্সে রয়েছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি—সবচেয়ে কম। ফলে তাদের জন্য নিলামটি অনেকটাই আনুষ্ঠানিক। বিপরীতে কলকাতার হাতে অর্ধেকের বেশি টাকা থাকলেও খেলোয়াড়ের চাহিদাও তাদেরই সবচেয়ে বেশি।

নিলামে প্রতিটি দলের খেলোয়াড় নেওয়ার সুযোগও ভিন্ন ভিন্ন। চেন্নাই সুপার কিংস নিতে পারবে ৯ জন খেলোয়াড়, যার মধ্যে ৪ জন বিদেশি। দিল্লি ক্যাপিটালস নিতে পারবে ৮ জন, বিদেশি নেওয়ার সুযোগ আছে ৫টি। গুজরাট টাইটান্স নিতে পারবে ৫ জন, এর মধ্যে ৪ জন বিদেশি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নিতে পারবে ৬ জন, যার ৪ জন হতে পারবেন বিদেশি।

কলকাতা নাইট রাইডার্স বর্তমানে ১২ জন খেলোয়াড় ধরে রেখেছে, ফলে তারা আরও ১৩ জন নিতে পারবে, যেখানে বিদেশি স্লট ফাঁকা আছে ৬টি। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে ইতোমধ্যে ১৯ জন ক্রিকেটার থাকায় তারা নিতে পারবে সর্বোচ্চ ৫ জন, বিদেশি নেওয়ার সুযোগ মাত্র একটি। পাঞ্জাব কিংস নিতে পারবে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড়, যার মধ্যে ২ জন বিদেশি।

এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২ বিদেশিসহ মোট ৮ জন, রাজস্থান রয়্যালস ১ বিদেশিসহ ৯ জন এবং সানরাইজার্স হায়দরাবাদ ২ বিদেশিসহ মোট ১০ জন ক্রিকেটার দলে নিতে পারবে। সব মিলিয়ে এবারের মিনি নিলাম থেকে সর্বোচ্চ ৩১ জন বিদেশি ক্রিকেটার আইপিএলের বিভিন্ন দলে জায়গা পেতে পারেন।

Post a Comment

Previous Post Next Post