মেগা নিলামে সাধারণত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দলটাই সাজিয়ে নেয় নিলামের প্ল্যাটফর্ম থেকেই। তবে মিনি নিলামের চিত্র একেবারেই আলাদা—এখানে খেলোয়াড় নেওয়ার কোটা থাকে তুলনামূলক কম, ফলে স্বভাবতই দল পাওয়ার সুযোগও কমে যায়। তবুও ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের চাহিদা থাকে চোখে পড়ার মতো, কারণ এই ক্যাটাগরিতে সাধারণতই উঠে আসে সবচেয়ে আলোচিত নামগুলো।
এই তালিকায় অন্যতম আকর্ষণ বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করা এই পেসারকে নিয়ে আগ্রহ থাকাই স্বাভাবিক। তবে তার উচ্চ ভিত্তিমূল্য অনেক দলকে ভাবনায় ফেলতে পারে, কারণ সবার বাজেট সমান নয়।
তবুও মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহ দেখাতে পারে তার সাবেক দুই দল—চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের হাতে রয়েছে ৪৩ কোটি ৪০ লাখ রুপি, আর হায়দরাবাদের কাছে আছে ২৫ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে পারফরম্যান্স ও ফ্যানবেজ—দুই দিকই মাথায় রেখে কলকাতা নাইট রাইডার্স দৌড়ে থাকতে পারে, যাদের হাতে আছে সর্বোচ্চ ৬৪ কোটি ৩০ লাখ রুপি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পার্সেও রয়েছে প্রায় ২৩ কোটি রুপি, যা দিয়ে তারা চাইলে বড় কোনো পিক নিতে পারে।
অন্যান্য দলগুলোর বাজেটও নেহায়েত কম নয়—দিল্লী ক্যাপিটালসের হাতে আছে ২১ কোটি ৮০ লাখ, গুজরাট টাইটান্সের কাছে ১২ কোটি ৯০ লাখ, পাঞ্জাব কিংসের ১১ কোটি ৫০ লাখ, বেঙ্গালুরুর রয়েছে ১৬ কোটি ৪০ লাখ এবং রাজস্থান রয়্যালসের কাছে ১৬ কোটি ৫ লাখ রুপি। তবে সবচেয়ে কঠিন অবস্থায় আছে মুম্বাই ইন্ডিয়ান্স—তাদের পার্সে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। প্রতিটি দলই তাদের হাতে থাকা বাকি বাজেট দিয়ে প্রয়োজনীয় খেলোয়াড় কেনার চেষ্টা করবে। বরাবরের মতো এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি, আর এই ক্যাটাগরিতে বিদেশি খেলোয়াড়ও রয়েছেন বেশ কয়েকজন—যার মধ্যে মুস্তাফিজুর রহমান অন্যতম।
ব্যাটসম্যানদের মধ্যে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে তালিকায় আছেন ডেভন কনওয়ে, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, ডেভিড মিলার ও স্টিভ স্মিথ। উইকেটরক্ষক বিভাগে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম উঠবে ফিন অ্যালেন, বেন ডাকেট, জেমি স্মিথ, টম ব্যান্টন, শাই হোপ ও জশ ইংলিসের।
