বাংলাদেশের এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ইতিহাস সৃষ্টি করলেন। প্রথমবারের মতো কোনো অ্যাশেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি—বাংলাদেশের জন্য এটি এক নজির।
আজ ব্রিসবেনে শুরু হওয়া দিবারাত্রির পিঙ্ক বল টেস্টে মাঠে দাঁড়িয়েছেন সৈকত। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আর টিভি আম্পায়ার হিসেবে দায়িত্বে রয়েছেন নিতিন মেনন।
এর আগে এবারের অ্যাশেজের পার্থ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈকত। সেই ম্যাচে ব্রেন্ডন ডগেটের বলে জেমি স্মিথকে আউট ঘোষণা করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে ডিআরএস অনুযায়ী তার সিদ্ধান্ত সঠিক ছিল, যদিও ইংলিশ সমর্থকরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
সব বিতর্ককে পেছনে ফেলে এবার ব্রিসবেনে আরও বড় দায়িত্ব পালন করছেন সৈকত, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২৪ সালে তিনি বাংলাদেশের প্রথম এলিট প্যানেল আম্পায়ার হিসেবে আইসিসির অন্তর্ভুক্ত হন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন-ফিল্ড দায়িত্ব পালন করেছেন।