আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি লিগে দুর্দান্ত বোলিংয়ে আবারও আলোচনায় মোস্তাফিজুর রহমান। তার কাটার–স্লোয়ার ভেলকিতে মুগ্ধ ব্রিটিশ জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। ম্যাচ চলাকালীন ফিল সল্টকে করা এক ডেলিভারি দেখে তো বিস্ময় প্রকাশ করে তিনি বলেই ফেলেন—“এটা বাসায় নকল করতে গেলে কব্জিই ছুটে যাবে!”
দুবাই ক্যাপিটালসের হয়ে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ফিজ মাত্র ৩ ওভারে ২২ রানে শিকার করেন ২ উইকেট। সেখানেই উঠে আসে উইলকিন্সের এই বিশেষ মন্তব্য। তিনি বলেন, “তার রিস্টে যে জাদু আছে, বলটা ঠিক কীভাবে বের হয়—আমি বোঝাই পারি না! এ এক অসাধারণ দক্ষতা।”
‘কাটার মাস্টার’ হিসেবে পরিচিত মোস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১১৪২টি ডট বলের বিশ্ব রেকর্ডধারী। পাশাপাশি তিনি একমাত্র বাংলাদেশি যিনি টি-টোয়েন্টিতে ছয় উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন। দুই ম্যাচে ৪২ বল করে এরই মধ্যে ২৪টি ডট এবং ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালস এখন পর্যন্ত তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। আগামী ২৩ ডিসেম্বর আবারও আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেই মাঠে নামবে ফিজের দল।
.png)