প্রথম দুই টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বড় রান তুলেছিল আয়ারল্যান্ড। তবে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে এসে টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পল স্টার্লিংয়ের দল। একরকম বিধ্বস্ত হয়েই মাত্র ১১৭ রানে অলআউট হয়েছে তারা।
টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড এবং শুরুটাও ছিল দারুণ। প্রথম চার ওভারে তারা তোলে ৩৮ রান। তবে ১০ বলে ১৭ রান করা টিম টেক্টরকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল ইসলাম।
সেই শুরুটা এরপর আর ধরে রাখতে পারেনি আইরিশরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এক অঙ্কের ঘরে ফিরেছেন হ্যারি টেক্টর, লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার। তবে একপ্রান্তে লড়ে যান অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি—যা তাদের দলের সর্বোচ্চ।
অন্য ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। জর্জ ডকরেলের ২৩ বলে ১৯ ও গ্যারেথ ডিলানির ১২ বলে ১০ রান ছাড়া উল্লেখযোগ্য কিছুই আসেনি তাদের ব্যাট থেকে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। দুজনেই শিকার করেছেন ৩টি করে উইকেট। রিশাদ ৪ ওভারে দিয়েছেন মাত্র ২১ রান, আর মুস্তাফিজ ৩ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১১ রান।