বিপিএল নিলাম থেকে নাম বাদ পড়ার জেরে বিসিবির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। আইনজীবীর মাধ্যমে পাঠানো এই নোটিশে তিনি অভিযোগ করেছেন—এ ঘটনায় তার মানহানি হয়েছে, আর প্রয়োজন হলে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন।
গত মৌসুমে রাজশাহীর নেতৃত্ব দেওয়া বিজয়কে এবারের বিপিএল নিলাম তালিকায় রাখা হয়নি। ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগের জেরেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে এমন সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে নারাজ তিনি। এর ধারাবাহিকতায়ই বিসিবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন এই ওপেনার।
বিজয় জানান, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর আমি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আজ বিসিবিতে এসেছিলাম নোটিশটি তারা গ্রহণ করেছে কিনা তা নিশ্চিত হতে। এখন আপনারা আমার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলে সব বিস্তারিত জানতে পারবেন। আশা করছি তিনি আগামীকাল প্রেস ব্রিফিং করবেন। যা বলার তিনিই বলবেন। প্রয়োজনে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’
কেবল বিজয়ই নন, এবারের বিপিএল নিলামে মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমানসহ একাধিক ক্রিকেটারকেই অন্তর্ভুক্ত করা হয়নি।