মাঠে দর্শকরা পালাচ্ছেন ১৪১ বলে ৩১৪ রান, ৩৫ ছক্কায়! ব্যাট হাতে তাণ্ডব চালালেন এই ক্রিকেটার

 



অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দেখা গেল এক অভূতপূর্ব ব্যাটিং ঝড়। মাত্র ২০ বছর বয়সী হারজাস সিং শনিবার (৪ অক্টোবর) সিডনির ফার্স্ট গ্রেড ক্রিকেটে ১৪১ বলে অপরাজিত ৩১৪ রানের ইনিংস খেলে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। বিবিসি

ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে মাঠে নামা এই তরুণ ব্যাটার ৫০ ওভারে দলকে পৌঁছে দেন ৪৮৩/৫ বিশাল স্কোরে। তার ইনিংসটি সাজানো ছিল ৩৫টি ছক্কা ও ১৪টি চারে। যা দেখে মাঠে থাকা দর্শকরা পর্যন্ত বাঁচার তাগিদে আসন ছাড়তে বাধ্য হন!

এই ইনিংসটি সিডনির ফার্স্ট গ্রেড ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর ওপরে আছেন কেবল কিংবদন্তি ভিক্টর ট্রাম্পার (৩৩৫ রান, ১৯০৩) ও ফিল জ্যাকস (৩২১ রান, ২০০৭)।

ফক্স ক্রিকেটকে দেয়া সাক্ষাৎকারে হারজাস বলেন, এটাই আমার জীবনের সবচেয়ে পরিষ্কার ও শক্তিশালী ব্যাটিং ছিল। অফ-সিজনে পাওয়ার হিটিং নিয়ে অনেক কাজ করেছি, আজ সেটা কাজে এসেছে এটা সত্যিই বিশেষ একটা অনুভূতি।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন হারজাস। সেখান থেকে সেঞ্চুরি করতে খরচ করেন আরও ৪১ বল। সেঞ্চুরিতে পা রেখেই প্রতিপক্ষের বোলারদের ওপর ব্যাট হাতে তাণ্ডব চালান তিনি। ডাবল সেঞ্চুরি পূরণ করেন স্রেফ ১০৩ বলে। অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি হাঁকাতে মাত্র ২৯ বলই লাগে তার। শেষ ওভারে যখন ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তখন তার বলের সংখ্যা ১৩২। শেষ পর্যন্ত হারজাস থামেন ৩১৪ রানের ইনিংস খেলে। যেখানে ২৬৬ রানই আসে বাউন্ডারি থেকে।

যদিও প্রতিপক্ষ সিডনি দল বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। তারা ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রানেই থেমে যায়, ফলে ওয়েস্টার্ন সাবার্বস জেতে ১৯৬ রানের ব্যবধানে।

অস্ট্রেলিয়ার সিডনিতে ২০০৫ সালে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন হারজাস। তার পরিবার ২০০০ সালে ভারতের চণ্ডীগড় থেকে সিডনিতে পাড়ি জমায়। আট বছর বয়সে ক্রিকেটে হাতে খড়ি হারজাসের। অস্ট্রেলিয়ান ক্রিকেটের খুব পরিচিত কোচ নিল ডি’কস্টার হাত ধরে বেড়ে উঠেছেন এ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তার বাবা ইন্দ্রজিৎ সিং একসময় পাঞ্জাব রাজ্যের বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন, মা আভিন্দার কৌর ছিলেন লং জাম্পার।

উল্লেখ্য, হারজাস সিং ছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য, যিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ফাইনালে ৫৫ রান করে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। তবে এখনো তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্য দলের সঙ্গে কোনো রুকি চুক্তি পাননি।

বিশ্লেষকদের মতে, স্যাম কন্টাস, মাহলি বিয়ার্ডম্যান, অলিভার পিক, হ্যারি ডিকসন ও টম স্ট্রেকারের মতো তার সেই বিশ্বকাপ সতীর্থরা যেভাবে দ্রুত সিনিয়র দলে উঠছেন, তাতে মনে হচ্ছে হারজাস সিং ও খুব শিগগিরই এই ‘স্বর্ণ প্রজন্মের’ পরবর্তী তারকা হয়ে উঠবেন।

Post a Comment

Previous Post Next Post