বিসিবি পরিচালক হতে না হতেই বাদ পড়লেন এই সদস্য




বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে সোমবার। নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক মনোনীত হন ইশফাক আহমেদ। পরেই এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।


এনএসসি সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদের মনোনয়ন বাতিল করা হবে। আজই (মঙ্গলবার) তার জায়গায় নতুন কাউকে এনএসসি থেকে পরিচালক মনোনীত করার কথা। বিসিবি সূত্রে জানা গেছে, এনএসসি থেকে একজন নারী বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন।


যার অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো নারী পরিচালক পেতে যাচ্ছে। এর আগে বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে নারী প্রতিনিধি আনার সম্ভাবনার কথা বলেছিলেন। বোর্ডে লিঙ্গ বৈষম্য দূর করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।


বুলবুল বলেন, ‘দেখুন, ক্রিকেটে প্রতিবছর আইন পরিবর্তন হয়। নতুন আইনে, প্লেয়িং কন্ডিশনের বিধিও বদলে গেছে। কিন্তু আমাদের (বিসিবি) গঠনতন্ত্র একই রয়ে গেছে। সুতরাং এখানে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবো। আমাদের বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত। এখানে নারীদের আনতে হবে। এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন।’


ওদিকে ইশফাককে বাদ দেওয়ার পেছনে তার আওয়ামী সংশ্লিষ্টতা বড় কারণ বলে জানা গেছে। এনএসসি থেকে বিসিবি পরিচালক হওয়া ইশফাক সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন ইশফাক। আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্যও তিনি।


ইশফাক ক্লাব ক্যাটাগরি কিংবা সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচনের মাধ্যমে পরিচালক হলে তাও একটা কথা ছিল। তাকে পরিচালক করা হয়েছে মূলত সরকারের প্রতিনিধি হিসেবে, এনএসসির কোটায়। এটা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। তাকে কোন বিবেচনায় এবং কার চাওয়ায় পরিচালক মনোনীত করা হয়েছে তা নিয়েও আছে প্রশ্ন।

Post a Comment

Previous Post Next Post