ব্যাটে-বলে সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, আটলান্টার বড় জয়


 

মাইনর লিগে সুপার এইটের ম্যাচে বাল্টিমোর রয়্যালসকে ৯১ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছিল আটলান্টা। রান তাড়ায় ৮৪ রানে অলআউট হয় বাল্টিমোর রয়্যালস।



ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব 

সুপার এইটের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাল্টিমোর রয়্যালস। ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না আটলান্টার। তবে দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন ঋষি পান্ডে ও পল পালমার। ২৬ বলে ৩০ রান করেন পল পালমার। ৬৬ রানের ইনিংস খেলেন ঋষি পান্ডে। শেষদিকে ঝড় তোলেন জাহামার হ্যামিল্টন ও সাকিব আল হাসান।


ম্যাচের ১৬তম ওভারে ব্যাটিংয়ে আসেন সাকিব৷ প্রথম বাউন্ডারির দেখা পান নিজের খেলা সপ্তম বলে। ইনিংসের শেষ ওভারে তান্ডব চালান এই তারকা। আদিল ভাট্টির ওভারে দুইটি করে চার ও ছক্কা হাঁকিয়ে মোট ২২ রান তোলেন সাকিব। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৭৫ রান তোলে আটলান্টা ফায়ার৷ সাকিব অপরাজিত ছিলেন ১৬ বলে ৩ চার ও ২ ছক্কার সাহায্যে ৩০ রান করে।



দেখা গেছে সাকিব ঝলক

রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাল্টিমোর রয়্যালস। অগ্নি চোপড়া বাদে কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। চার উইকেট শিকার করেন আনশ প্যাটেল৷ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন সাকিব।



বোলিংয়ে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট শিকার করেন বাংলাদেশি তারকা সাকিব। মুক্তার আহমেদকে ক্যাচ আউট করেন এই ক্রিকেটার। ওই ওভারে ২ রান দেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান এই ক্রিকেটার। ওভারে মাত্র ১ রান দিয়ে আউট করেন কুনওয়ারজিত সিংকে। ইনিংসের ১৩তম ওভারে নিজের তৃতীয় ওভারেও মিতব্যয়ী ছিলেন সাকিব। ওভারে ৪ রান দেন এই অলরাউন্ডার। এরপর ইনিংসের ১৫তম ওভারে আদিল ভাট্টিকে আউট করে বাল্টিমোরের ইনিংসের ইতি টানেন সাকিব। ৮৪ রানে অলআউট হয় বাল্টিমোর রয়্যালস। ৩.১ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সাকিব।


Post a Comment

Previous Post Next Post