আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেছেন শরিফুল ইসলাম। ব্যাটে-বল অবদান রেখে হয়েছেন ম্যাচসেরা। দারুণ পারফর্ম করে ম্যাচসেরা হওয়ার পর প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন এই বাঁহাতি পেসার।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ম্যাচসেরা হয়েছেন শরিফুল
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম। ৫৪ ম্যাচের ক্যারিয়ারে এর আগে সিরিজ সেরা হলেও এবারই প্রথম হয়েছেন ম্যাচসেরা। জিতেছেন ৫০ হাজার আফগানি পুরস্কার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা। পুরস্কারের পুরো অর্থ নিজের এলাকার অসহায় মানুষদের দান করবেন এই ক্রিকেটার।
দ্বিতীয় ম্যাচ দারুণ বোলিং করেছেন শরিফুল। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেছেন রহমানুল্লাহ গুরবাজের উইকেট। পাশাপাশি শেষ দুই ওভারে যখন টাইগারদের জয়ের জন্য ১৯ রানের সমীকরণ ছিল তখন ক্রিজে এসে দুই চারসহ করেছেন ৬ বলে অপরাজিত ১১ রান। তাই ম্যাচসেরাও হয়েছেন এই ক্রিকেটার।
জয় নিয়ে তৃপ্তির কথা জানিয়ে সবাইকে অভিনন্দন জানান শরিফুল। নিজের ফেসবুক পেজে শরিফুল লিখেছেন, ' আলহামদুলিল্লাহ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।'
এরপর জানান তার প্রশংসনীয় উদ্যোগের কথা। সেখানে শরিফুল জানান, 'আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি —আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ।'
পাশাপাশি এই কাজ করার জন্য সবার কাছে দোয়া চান এই পেসার।
'দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।'
.jpg)