অফ ফর্মের জাকেরকে আগলে রাখছেন সিমন্স



দ্বিতীয় ম্যাচেও হয়েছে বেশ ভালো লড়াই। আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেলেও জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে শেষ দিকে আবারও দুজনের বিদায়ে চাপে পড়ে যায় টাইগাররা। আরও একবার বাংলাদেশের ত্রাতা হয়েছেন নুরুল হাসান সোহান। শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শরিফুল ইসলামও। সোহান-শরিফুলের ব্যাটে চড়ে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ২ উইকেটের জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও।

ম্যাচে ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন টাইগার অধিনায়ক জাকের আলী অনিক। অনেক দিন পর হাঁকিয়েছেন ছক্কাও। এশিয়া কাপ থেকে জাকেরের অফ ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে অনেক। তবে জাকেরের খারাপ সময়কে সমস্যা মনে করছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেছেন, ‘বিশ্বের নানা প্রান্তে তাকালে দেখবেন আন্তর্জাতিক প্লেয়ারদের অনেকেই কিছু ম্যাচে রান পায় না। তারও (জাকেরের) কিছু ম্যাচ খারাপ গেছে। এটাকে আমি সমস্যা হিসেবে দেখছি না। ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক ব্যাপারই।’

এছাড়া দলে মিডল অর্ডার ব্যাটারের অভাব দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, ‘অনেক মিডল অর্ডার ব্যাটার আছে দলে। আমরা আসলে নির্দিষ্ট দিনে ভিন্ন ভিন্ন প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে দেখছি। আজ যাদের খেলিয়েছি, তারা কাজটা করে দিয়েছে। সবাই উন্নতি করে যাচ্ছে।’


Post a Comment

Previous Post Next Post