এই নির্বাচন বিসিবির কালো দাগ, ক্রিকেট ১০০% হেরে গেল : তামিম



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, এই প্রক্রিয়ায় আসলে হেরে যাচ্ছে পুরো দেশের ক্রিকেট।


তামিম ইকবাল


তামিম বলেন, “আরও অনেকেই নাম প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে বুঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করে থামানো হয়েছে। আজ যদি ১৫ জনও নাম সরিয়ে নেন তো সেটা একটা বড় নম্বর।”


তিনি ইঙ্গিত দিয়েছেন, পুরো ঘটনার বিস্তারিত তিনি ভবিষ্যতে প্রকাশ করবেন। তিনি বলেন, “আমি কোনো একসময়ে হয়ত আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলব যে কি হয়েছে আর কি হয়নি।”


ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

বোর্ডের বর্তমান কর্মকর্তাদের উদ্দেশ্য করে তামিম বলেন, “একটা জিনিসই বলব যে যারা বোর্ডে আছেন, তারা যদি এভাবে নির্বাচন করতে চান, করতে পারেন। জিততেও পারেন এভাবে। তবে আজকে ক্রিকেট ১০০% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।”


বিসিবির নির্বাচন প্রক্রিয়াকে ‘ফিক্সিং’ বলে উল্লেখ করেন তামিম, “আপনারা বড় গলায় বলেন, বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। তারপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চেষ্টা করবেন।”



তামিম অভিযোগ করেন, নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে ইচ্ছেমতো নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং এ কাজে কারা জড়িত তা সবারই জানা।


তার ভাষ্যমতে, “আমার এরচেয়ে বেশি কিছু বলার নেই। সবাই স্পষ্ট জানে যে কারা কারা কী করেছে, কী ধরনের হস্তক্ষেপ হয়েছে। নিয়ম নিজেদের ইচ্ছামতো, সুবিধামতো পরিবর্তন করা হয়েছে। এটার সাথে কারা কারা জড়িত তা স্পষ্ট। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমি বিস্তারিত বলব এটা নিয়ে।”


সবশেষে বিসিবির এই নির্বাচনকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করেন তিনি, “এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। এই নির্বাচনের সাথে যারা আছেন, তারাও বুঝছেন যে কোনোদিক থেকেই এটা নির্বাচন ছিল না।”


Post a Comment

Previous Post Next Post